নোয়াখালী–২ আসনে গণভোটে ‘না’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। শুক্রবার বিকেলে সেনবাগ উপজেলার ডমুরুয়া আদর্শ বালিকা উচ্চবিদ্যালয়ে ইউনিয়ন পর্যায়ের মহিলা দলের প্রতিনিধি সভায় তিনি এ আহ্বান জানান।
জয়নুল আবদিন ফারুক বলেন, এবার ভোটারদের হাতে দুটি ব্যালট থাকবে—একটি প্রতীকভিত্তিক নির্বাচনের, আরেকটি গণভোটের ‘হ্যাঁ’ বা ‘না’। তিনি দাবি করেন, বিএনপি নেতারা ভোটারদের এই বিষয়ে নির্দেশনা দেবেন এবং সেখানে ‘না’ ভোটই হবে তাদের অবস্থান।
তিনি অভিযোগ করেন, নির্বাচন ঘিরে নানা চক্রান্ত চলছে। কেউ বলছে নির্বাচন করবে, কেউ করবে না; আবার কেউ উপ–প্রধানমন্ত্রী না পেলে নির্বাচনে না যাওয়ার কথাও বলছে। আগে বলা হতো পিআর ব্যবস্থা না হলে নির্বাচন নয়, গণভোট ছাড়া নির্বাচন নয়—এখন আবার নতুন দাবি উঠছে বলেও মন্তব্য করেন তিনি।
মহিলা দলের নেত্রীদের উদ্দেশে ফারুক বলেন, “এই লড়াইয়ে জিততেই হবে। আমরা জিতলে ইনশা আল্লাহ তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। তিনি প্রধানমন্ত্রী হলে এক কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।”
নিজের রাজনৈতিক পরিচয় তুলে ধরে তিনি বলেন, পাঁচবার এমপি থাকলেও কখনো দুর্নীতির আশ্রয় নেননি। এটিই তার শেষ নির্বাচন উল্লেখ করে তিনি বলেন, “আমাকে অপছন্দ করতে পারেন, কিন্তু ধানের শীষকে নয়।”
দলের মনোনয়নবঞ্চিত নেতাদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তিগত শত্রুতার কারণে কেউ মনোনয়ন পাননি—এ ধারণা সত্য নয়। এখন আর মিছিল–মিটিং নয়, বরং তারেক রহমানের নির্দেশ হুবহু পালন করার আহ্বান জানান।
সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লা আল মামুন, উপজেলা মহিলা দলের সভানেত্রী সুফিয়া আক্তারসহ স্থানীয় বিএনপি–মহিলা দলের নেতারা উপস্থিত ছিলেন।







