পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের একটি অফিস কক্ষ ভাঙচুর এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইমরান আহমেদ সবুজকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।
কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদিত বহিষ্কারাদেশটি গতকাল শুক্রবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ইমরান আহমেদ সবুজকে ছাত্রদলের প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখতে বিভিন্ন স্তরের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।
অফিসকক্ষ ভাঙচুরের ভিডিও ছড়িয়ে পড়ার পর ফেসবুকে ব্যাপক সমালোচনা শুরু হয় এবং দোষীদের আইনের আওতায় আনার দাবি ওঠে। ভিডিও দেখে সংশ্লিষ্ট যুবকের পরিচয় নিশ্চিত হওয়ার পরই শুক্রবার রাতে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
সূত্র জানায়, বৃহস্পতিবার ইমরান আহমেদ সবুজ কলেজে ঢুকে একটি অফিস কক্ষ ভাঙচুর করেন। সঙ্গে থাকা কয়েকজন সেই দৃশ্য ধারণ করে ফেসবুকে ছড়িয়ে দেন। ঘটনা প্রকাশ্যে এলে কলেজ কর্তৃপক্ষ বিষয়টি কলেজ অধ্যক্ষ অধ্যাপক পান্না লাল রায়ের মাধ্যমে পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসেরকে জানায়। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং কলেজের পক্ষ থেকে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
কলেজ অধ্যক্ষ পান্না লাল রায় জানান, ভাঙচুরের বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে তারা নিশ্চিত নন।
পিরোজপুর সদর থানার ওসি রবিউল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষের করা জিডি গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।







