কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা জাদুঘরের দেয়ালে থাকা ঐতিহাসিক ৭ মার্চের দেয়ালভাস্কর্য ভাঙচুর করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে ২৫–৩০ জন যুবকের একটি দল লাঠি, সোঁটা, হাতুড়ি ও শাবল নিয়ে উদ্যানের মধ্যবর্তী স্থানে অবস্থিত জাদুঘরের ওপরের অংশে হামলা চালিয়ে ভাস্কর্যটি ক্ষতিগ্রস্ত করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলটি সরাসরি দেয়ালের দিকে এগিয়ে গিয়ে শেখ মুজিবুর রহমানের বক্তৃতার ভাস্কর্যটিতে আঘাত করতে শুরু করে এবং কিছু অংশ ভেঙে ফেলে। ভাস্কর্যটি ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের প্রতীকী রূপ; এতে বঙ্গবন্ধুকে ভাষণরত অবস্থায় দেখানো হয়েছে এবং সামনে খোদাই করা আছে ভাষণের গুরুত্বপূর্ণ অংশ—‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে হামলাকারী কারা, তারা কোন দলের অনুসারী—এ বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে সূত্র জানিয়েছে।
