বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি বিএনপির নির্বাচনী প্রার্থী হারুনুর রশীদের সাম্প্রতিক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে। হারুন সমাবেশে হিন্দু সম্প্রদায়ের পূজাকে ‘শয়তানের ইবাদত’ বলে উল্লেখ করায় দুই সংগঠন তাকে দল থেকে বহিষ্কার ও মনোনয়ন বাতিলের দাবি করেছে।
দুই সংগঠনের শীর্ষ নেতারা রবিবার যৌথ বিবৃতিতে বলেন, হারুনের মন্তব্য হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে গভীর আঘাত ও ক্ষোভ সৃষ্টি করেছে। তারা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন।
গত শনিবার চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে হারুনুর রশীদ পূজাকে ‘শয়তানের ইবাদত’ আখ্যা দেন এবং ‘শয়তান তাড়ানোর স্লোগান’ হিসেবে তাকবির উচ্চারণ করেন। আগের সমাবেশেও তিনি হিন্দু ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও বিষ্ণুর নাম তাচ্ছিল্যের সুরে উল্লেখ করার অভিযোগ রয়েছে।







