রাজধানীর পল্লবী থানা যুবদলের সদস্যসচিব গোলাম কিবরিয়াকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সন্ধ্যায় মিরপুরের পল্লবী থানা এলাকার সি ব্লকে এই ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল বিষয়টি নিশ্চিত করেছেন।
রাত ৮টার দিকে পল্লবী থানার ওসি মফিজুর রহমান জানান, নিহত কিবরিয়া পল্লবী থানা যুবদলের নেতা ছিলেন। কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৪০ মিনিটের দিকে পল্লবী সেকশন–১২ এর বিক্রমপুর হার্ডওয়্যার অ্যান্ড স্যানিটারিতে বসে থাকা অবস্থায় মোটরসাইকেলযোগে এসে তিনজন দুর্বৃত্ত দোকানে ঢুকে কিবরিয়ার মাথা, বুক ও পিঠে পিস্তল ঠেকিয়ে সাত রাউন্ড গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে সাত রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়।
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক জানান, গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।







