সিলেটে প্রস্রাব করা নিয়ে তুচ্ছ বিরোধের জেরে খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান (৬৫) খুন হয়েছেন। শাহপরান থানাধীন পীরেরবাজার এলাকার মোকামেরগুলে বুধবার বিকেলে এ ঘটনা ঘটে। সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সড়কের পাশে অভিযুক্ত সুমন আহমদ প্রস্রাব করছিলেন। এ সময় আব্দুর রহমান তাকে বাধা দিলে শুরু হয় তর্কাতর্কি। পরিস্থিতি উত্তপ্ত হলে আব্দুর রহমানের ছেলে সুমনকে মারধর করে। পাল্টা ক্ষুব্ধ হয়ে সুমন ইট দিয়ে আব্দুর রহমানের মাথায় আঘাত করেন। এতে দুজনই আহত হয়ে ওসমানী হাসপাতালে ভর্তি হন।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার সকালে আব্দুর রহমানের মৃত্যু হলেও অভিযুক্ত সুমন হাসপাতালে থেকে পালিয়ে যায়।
ময়নাতদন্ত শেষে নিহতের মরদেহ পরিবারকে হস্তান্তর করা হয়েছে। পুলিশ সুমনকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।







