শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে অনুভূত ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়লে টঙ্গীর বিসিক এলাকার ফ্যাশন পালস লিমিটেড পোশাক কারখানা থেকে বের হওয়ার সময় অন্তত দুই শতাধিক শ্রমিক আহত হন। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।
ভূমিকম্প শুরু হতেই কারখানার নয় তলার কয়েক হাজার শ্রমিক একসঙ্গে বাইরে বের হতে চাইলে হুড়োহুড়ি সৃষ্টি হয়। এ সময় জরুরি নিরাপত্তা গেট বন্ধ থাকায় বহু শ্রমিক পদদলিত হয়ে আহত হন। পরে আহতদের স্থানীয়রা উদ্ধার করে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালসহ আশপাশের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইসরাত জাহান এনি জানান, ভূমিকম্পের পরপরই কয়েকশো শ্রমিক চিকিৎসা নিতে হাসপাতালে আসেন এবং এখনো রোগী আসছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, আর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পর কারখানার পক্ষ থেকে কেউ এ বিষয়ে গণমাধ্যমে কোনো মন্তব্য করতে রাজি হননি।
