ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেলের পরপর বিজয় শিক্ষাঙ্গনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তাঁর মতে, ছাত্র সংসদ নির্বাচনের এই ফল ভবিষ্যতে জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে।
বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৪–২৫ সেশনের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যেসব বিশ্ববিদ্যালয়ে শিবিরের প্যানেল বিজয়ী হয়েছে, সেগুলো দেশের গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান—যেখানে লক্ষাধিক শিক্ষার্থী পড়াশোনা করেন। এসব ফলাফলের ধারাবাহিকতা জাতীয় রাজনৈতিক অঙ্গনেও প্রতিফলিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
এসময় বর্তমান সরকারের অধীনে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন সাদ্দাম। তাঁর দাবি, গণভোট আগে হওয়া উচিত এবং প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে বিএনপি ধারার দিকে বায়াসড হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। ডিসি–এসপি পর্যায়েও নানা অভিযোগ পাওয়ার কথা উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি শিবির সভাপতি হাফিজুর রহমান। বক্তব্য দেন জেলা জামায়াতের আমির আহসান হাবীব মাসুদ, জাকসুর জিএস মাজহারুল ইসলাম এবং শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ডা. রেজোয়ানুল হক।







