নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র প্রতিষ্ঠাতা মুফতি মামুনুর রশিদ কাসেমী (৪২)–কে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ মডেল থানার শাক্তা ইউনিয়নের আটিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ মনিরুল হক জানান, মামুনুর রশীদের সাবেক এক স্ত্রীর পক্ষে তার মামি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেপ্তারের পর মামুনুর রশিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলছে।
মামলায় অভিযোগ করা হয়েছে—মামুনুর রশিদ কাসেমী এক নারীকে বিয়ে করার পর সংসার করেন এবং পরে তালাক দেন। এরপর আবার বিয়ে করার আশ্বাস দিয়ে গত ৬ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত তাকে নিজের হেফাজতে রেখে ধর্ষণ করেন।
পুলিশ জানিয়েছে, মামলার সব বিবরণ তদন্তের আওতায় আনা হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
