বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীতে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক হয়। এতে নায়েবে আমিররা, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্যরা অংশ নেন।
বৈঠকের শুরুতে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি জামায়াতের নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য দোয়া করা হয়। একই সঙ্গে নেতাকর্মীসহ দেশবাসীর নিকট দোয়ার আহ্বান জানানো হয়।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভয়–ভীতিমুক্ত পরিবেশে সম্পন্ন করার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতিও পর্যালোচনা করা হয়।
বৈঠকে জুলাই জাতীয় সনদ (সংবিধান আদেশ) বাস্তবায়নের লক্ষ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে দেশব্যাপী জনমত সৃষ্টির জন্য প্রচারণা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। জাতীয় নির্বাচনের পূর্বে গণভোট আয়োজনসহ ৫–দফা গণদাবি বাস্তবায়নে আন্দোলনরত ৮ দলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ৭টি বিভাগীয় শহরে হতে যাওয়া সমাবেশ সফল করার জন্য দেশবাসীর প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।
এছাড়া আগামী ২৮ ও ২৯ নভেম্বর অনুষ্ঠিতব্য কেন্দ্রীয় মজলিসে শূরার বার্ষিক অধিবেশনের প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়েও আলোচনা করা হয়।
বৈঠকের শেষে দেশ ও জাতির কল্যাণ, ন্যায় ও সত্যের প্রতিষ্ঠা এবং আগামীর বাংলাদেশকে শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরিত করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়।







