বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে জিয়া পরিবার। শনিবার (২৯ নভেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমীন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছেন।
মাহদী আমীন জানান, বেগম খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তবে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে তার চিকিৎসা চলছে। লন্ডন থেকেও সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
তিনি আরও জানান, মেডিকেল বোর্ডে গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে ডা. জুবাইদা রহমান চিকিৎসকদের সঙ্গে সরাসরি সমন্বয়ের দায়িত্ব পালন করছেন। মায়ের চিকিৎসায় যেন কোনো ধীরগতি বা সীমাবদ্ধতা না থাকে, সে বিষয়ে প্রতিটি পদক্ষেপে নজর রাখছেন তারেক রহমান।
হাসপাতালে বিপুল সংখ্যক নেতাকর্মী প্রতিদিনই খালেদা জিয়ার শারীরিক খবর নিতে গেলেও সংক্রমণের আশঙ্কায় কাউকেই সিসিইউতে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না বলে উল্লেখ করেন মাহদী আমীন। তিনি বলেন, দূর থেকেই মানুষ তাদের ভালোবাসা ও উদ্বেগ প্রকাশ করছেন।
তিনি আরও জানান, শারীরিক অবস্থার উন্নতি হলে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে। ইতোমধ্যে সেখানকার চিকিৎসক দলের সঙ্গে যোগাযোগ করা হয়েছে—যাদের তত্ত্বাবধানে চলতি বছরের শুরুতে চার মাস চিকিৎসা নিয়ে তিনি উল্লেখযোগ্যভাবে সুস্থতা ফিরে পেয়েছিলেন। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হচ্ছে।
শেষে মাহদী আমীন আশা প্রকাশ করেন, দেশবাসীর দোয়া ও ভালোবাসায় খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে উঠবেন এবং আবারও দেশের মানুষকে অনুপ্রাণিত ও নেতৃত্ব দিতে সক্ষম হবেন।
—







