খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে প্রার্থী পরিবর্তন করে এবার প্রথমবারের মতো হিন্দু সম্প্রদায়ের একজন নেতাকে মনোনয়ন দিয়েছে জামায়াতে ইসলামী—ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু কমিটির সভাপতি কৃষ্ণ নন্দীকে। দুই দশক আগে সংগঠনে যুক্ত হওয়া এই নেতা জানান, ন্যায়–সততা ও আদর্শভিত্তিক রাজনীতিতে বিশ্বাস থেকেই তিনি জামায়াতকে বেছে নিয়েছিলেন।
গত সোমবার খুলনায় ৮ দলের বিভাগীয় সমাবেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান তার প্রার্থিতা ঘোষণা করেন। বুধবার বিকালে স্থানীয় নেতাদের বৈঠকে মনোনয়নটি চূড়ান্ত করা হয়।
চুকনগর গ্রামের বাসিন্দা কৃষ্ণ নন্দী ২০০৫ সালে জামায়াতে যোগ দেন। বর্তমানে তিনি ডুমুরিয়া উপজেলা জামায়াতের হিন্দু শাখার সভাপতি এবং স্থানীয় সনাতন কমিটিরও সভাপতি।
২০ বছর আগে জামায়াতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে তিনি একটি গণমাধ্যমকে বলেন, “জামায়াত কঠোরভাবে আদর্শভিত্তিক, ন্যায়–সততার দল। এখানে দুর্নীতি, চাঁদাবাজি বা মাদক নেই। শান্তি ও সমৃদ্ধির রাজনীতি করে—তাই আমি ২০০৫ সাল থেকেই তাদের সঙ্গে আছি, এটা হঠাৎ নেওয়া সিদ্ধান্ত নয়।”
তিনি দাবি করেন, দলের দুঃসময়েও তিনি পাশে ছিলেন। আগের সরকারের আমলে আওয়ামী লীগ–প্রভাবিত এলাকায় জামায়াতের রাজনীতি করায় তাকে নানা চাপের মুখে পড়তে হয়েছিল।
মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন, “আমাকে ঢাকায় ডেকে নেওয়া হয়েছিল। কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে আমাকে প্রার্থী ঘোষণা করা হয়। নির্দেশনা পেয়েছি, এখন এলাকায় প্রচারণা শুরু করব।”
এ আসনে এর আগে মনোনয়ন পাওয়া মাওলানা আবু ইউসুফকে নিয়ে প্রশ্ন করলে তিনি জানান,
“জামায়াত আমির আমাদের দুজনকে বুকে মিলিয়ে দিয়েছেন। তিনি এখন আমার হয়ে নিজেই প্রচারণায় নেমেছেন। আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।”







