সিলেটে জামায়াতের নেতৃত্বাধীন ৮ দলীয় জোট আগামী শনিবার (৬ ডিসেম্বর) বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ বিষয়ে গণভোট, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ডসহ পাঁচ দাবির পক্ষে জনসমর্থন জোরদার এবং গণভোটে ‘হ্যাঁ’ নিশ্চিত করার লক্ষ্যেই এই সমাবেশ ডাকা হয়েছে।
ঐতিহাসিক সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সমাবেশ চলবে। আয়োজকরা জানান, সমাবেশকে ঘিরে সিলেট নগরজুড়ে ব্যাপক প্রস্তুতি চলছে এবং পুরো শহরকে জনসমাবেশের নগরীতে রূপ দিতে কাজ চলছে।
এদিকে একই মাঠে ৫, ৬ ও ৭ ডিসেম্বর চরমোনাই পীর সাহেবের মাহফিল থাকলেও ৬ ডিসেম্বর মাহফিলের কার্যক্রম সন্ধ্যার পর শুরু হবে, ফলে দুই পক্ষের কর্মসূচিতে কোনো সংঘাত হবে না।
সমাবেশস্থল পরিদর্শন শেষে ৮ দলের লিয়াজোঁ কমিটির নেতারা সাংবাদিকদের জানান, বিশাল মঞ্চ নির্মাণসহ সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি ও লিয়াজোঁ কমিটির সদস্য মাওলানা এমরান আলম বলেন, কয়েক লাখ মানুষের অংশগ্রহণে সমাবেশ জনসমুদ্রে পরিণত হবে। শুধু নগরী নয়, পুরো বিভাগ ও গ্রামাঞ্চলেও ব্যাপক সাড়া পড়েছে।
জানা গেছে, সমাবেশে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, জাগপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির শীর্ষ নেতারা।
সমাবেশ সফল করতে ১৩ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করা হয়েছে। খেলাফত মজলিসের কেন্দ্রীয় মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলীসহ শরিক দলের সিনিয়র নেতারা সিলেটে অবস্থান করছেন।
আলিয়া মাঠ পরিদর্শনে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লিয়াজোঁ কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম, ড. নূরুল ইসলাম বাবুল, ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মাওলানা সাঈদ আহমদ, মাওলানা ইকবাল হোসাইনসহ শরিক দলের শীর্ষ নেতারা।
নেতারা জানান, জাতীয় নির্বাচনের আগে গণভোট ও পাঁচ দফা দাবিতে যুগপৎ আন্দোলন চলমান রয়েছে। ৬ ডিসেম্বরের সমাবেশ সিলেটের রাজনৈতিক ইতিহাসে একটি বড় জনসমাগম হিসেবে স্থান পাবে বলে তাদের প্রত্যাশা।
পুলিশ কমিশনার ও সিসিকের সঙ্গে মতবিনিময়
সমাবেশ সফল করতে ৮ দলের লিয়াজোঁ কমিটি সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকারের সঙ্গে পৃথক বৈঠক করেছে।
পুলিশ কমিশনার সমাবেশের নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় সহযোগিতার আশ্বাস দেন। সিসিকও মাঠ ব্যবস্থাপনা ও অন্যান্য বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
বৈঠকগুলোতে ৮ দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ ফখরুল ইসলাম, ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, মাওলানা এমরান আলম, মাওলানা তাজুল ইসলাম হাসান ও মাওলানা মুজাম্মিল হক তালুকদার।







