ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যালটে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিষিদ্ধ এবং দলটির নিবন্ধন বাতিল থাকায় এবার ব্যালটে থাকছে না ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন–চাবি, ফ্রিডম পার্টি–কুড়াল এবং প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি)–বাঘ প্রতীক। সাধারণ ভোটে অংশ নেওয়া দল ও স্বতন্ত্র প্রার্থীদের নির্ধারিত প্রতীকই ব্যবহৃত হবে। বিষয়টি নিশ্চিত করেছে নির্বাচন কমিশনের (ইসি) নির্ভরযোগ্য সূত্র।
এদিকে নির্ধারিত সময়সীমার মধ্যে ভোটগ্রহণ শেষ করা যাবে কি না—এ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইসির সাম্প্রতিক পরীক্ষামূলক ভোটগ্রহণ (মক ভোটিং) বিশ্লেষণে দেখা গেছে, একজন ভোটারের ভোট দিতে বর্তমান নীতিমালায় বরাদ্দ সময়ের চেয়ে বেশি সময় লাগে। বিশেষ করে পুরুষ ভোটারদের ক্ষেত্রে লাগছে প্রায় দ্বিগুণ সময়। বর্তমানে ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত—মোট আট ঘণ্টা।
নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন, গণভোট সম্পর্কে এখনও অধিকাংশ মানুষ ধারণা নেই। তাই প্রচার বাড়ানো জরুরি। রাজধানীর বাইরে অনগ্রসর এলাকায় মক ভোটিং করলে এর সুফল আরও বেশি পাওয়া যাবে।
আজ রোববার নির্বাচন ভবনে বসছে ইসির গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া দশম কমিশন সভাকে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
ইসি সচিবালয় সূত্র জানায়, বৈঠকের আলোচ্যসূচিতে চারটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে—
১. জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
২. ভোটের সময় ও ভোটকক্ষ বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা
৩. যাচাই–বাছাই প্রক্রিয়ায় থাকা নতুন রাজনৈতিক দলগুলো নিয়ে সিদ্ধান্ত
৪. জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের সময়সীমা বাড়ানোর বিষয়ে কমিশনের অবস্থান নির্ধারণ
এ সভার সিদ্ধান্তেই নির্ভর করবে নির্বাচনের আনুষ্ঠানিক প্রক্রিয়া কবে থেকে শুরু হবে।
