রাজনৈতিক দলের অন্যতম প্রধান দায়িত্ব হলো জনগণের কাছে পৌঁছানো এবং তাদের কথা শোনা— এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমানে যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফেসবুকে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
তিনি লেখেন, জনগণকে সব সময় দাবিদাওয়া জানাতে ক্ষমতার দরজায় যেতে না হয়ে, বরং ক্ষমতাকেই জনতার দোরগোড়ায় পৌঁছাতে হবে।
গালিব জানান, জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে ‘জনতার ইশতেহার’ তৈরির উদ্যোগ নিয়েছে জামায়াত। সবার মতামত সংগ্রহ করে জনগণের চাহিদা ও অগ্রাধিকারের ভিত্তিতে নির্বাচনী ইশতেহার প্রস্তুত করা হবে। পাশাপাশি ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন কতদূর হচ্ছে— তার একটি ফলোআপ ব্যবস্থা রাখার পরিকল্পনাও রয়েছে। তার মতে, এটি একটি অনন্য উদ্যোগ, যা বাংলাদেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তনের পথে সহায়ক হবে ইনশাআল্লাহ।
জুলাইয়ের পর জামায়াতকে ঘিরে মানুষের আগ্রহ বাড়ার কারণ প্রসঙ্গে গালিব বলেন, এর মূল উৎস পরিবর্তনের আকাঙ্ক্ষা। তার মতে, জামায়াতের উচিত অন্য রাজনৈতিক দলকে আক্রমণ না করে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে জনগণের কাছে যাওয়া। মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে, ইসলামপন্থিরা সততা ও দক্ষতার সঙ্গে জাতিকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখে।







