রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্র ও নিষিদ্ধ সংগঠনকে উসকে দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকেলে তাকে আদালতে তোলা হবে।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা মামলায় আনিস আলমগীরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় জিজ্ঞাসাবাদের জন্য আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান রাত সোয়া ৮টার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
আনিস আলমগীর নিজে সংবাদমাধ্যমকে জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ধানমন্ডি এলাকার একটি জিম থেকে তাকে ডিবি হেফাজতে নেওয়া হয়। ডিবি কর্তৃপক্ষ তাকে জানায়, তাদের প্রধান তার সঙ্গে কথা বলবেন। রাত ৮টার দিকে ডিবি কার্যালয়ে পৌঁছানোর পর দীর্ঘ সময় অপেক্ষায় থাকলেও তখন পর্যন্ত ডিবি প্রধানের সঙ্গে তার কথা হয়নি বলেও জানান তিনি।
সোমবার সকাল সোয়া ৯টার দিকে ডিবির এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, আনিস আলমগীর তখনও ডিবি কার্যালয়ে ছিলেন এবং তার বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের পক্ষ থেকেও তার ডিবি কার্যালয়ে অবস্থানের বিষয়টি নিশ্চিত করা হয়।







