ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক এবং ইনকিলাব মঞ্চের নেত্রী ফাতিমা তাসনিম জুমা বলেছেন, বিভিন্ন মাধ্যমে পাওয়া তথ্যে জানা গেছে—ঘটনার সঙ্গে জড়িত অপরাধী এখনো দেশেই অবস্থান করছে। তিনি সতর্ক করে বলেন, নাটক ও প্রোপাগান্ডা তৈরি করে অপরাধীদের দেশ ছাড়ার সুযোগ করে দেওয়ার চেষ্টা করা হলে তা মেনে নেওয়া হবে না।
সোমবার নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া একাধিক পোস্টে তিনি এসব মন্তব্য করেন। এক পোস্টে জুমা লেখেন, অপরাধী যেখানেই থাকুক—জাহান্নামেও থাকলে সেখান থেকে এনে বিচারের মুখোমুখি করতে হবে। অন্য এক পোস্টে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব কোন অবস্থায় পৌঁছেছে, সে বিষয়ে জনগণের অনেক সত্য জানা জরুরি হয়ে পড়েছে এবং কাউকে অন্ধভাবে বিশ্বাস করার সুযোগ আর নেই।
এছাড়া তিনি সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হওয়ার আহ্বান জানান। জুমা বলেন, ওসমান হাদি কেবল একজন নেতা হিসেবে আঘাতপ্রাপ্ত হননি, প্রকৃত বিজয়ের পথ দেখাতে গিয়ে আজ তিনি জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। শহীদ মিনার থেকেই বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে নিজের অবস্থান নির্ধারণ করবে বলেও মন্তব্য করেন তিনি।







