রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে মুক্তিযুদ্ধের অন্যতম অগ্রনায়ক সিরাজুল আলম খান, সিরাজ সিকদার, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, মেজর জলিল এবং জুলাই গণঅভ্যুত্থানের নেতা শরিফ ওসমান হাদির ছবি টানিয়ে কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
মঙ্গলবার এনসিপির যুগ্ম সদস্যসচিব আরিফ সোহেলের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় আরিফ সোহেল বলেন, ‘আওয়ামী ফ্যাসিবাদী আমলে মুক্তিযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী লীগের একচেটিয়া সম্পত্তিতে পরিণত করা হয়েছিল। অথচ পাক হানাদারদের আক্রমণের মুখে আওয়ামী নেতৃত্বের অপেক্ষা না করেই দেশের কৃষক, শ্রমিক, ছাত্র ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে একাত্তরের জনযুদ্ধকে বিজয়ের পথে এগিয়ে নিয়েছে। যুদ্ধ-পরবর্তী সময়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধেও জনগণই নতুন করে সংগ্রাম গড়ে তোলে।’
তিনি আরও বলেন, ‘একাত্তরের জনযুদ্ধ ও পরবর্তী আন্দোলনের ইতিহাস থেকে যাদের নাম মুছে ফেলা হয়েছে—সিরাজ সিকদার, সিরাজুল আলম খান, মেজর জলিল, মওলানা ভাসানী এবং বর্তমান সংগ্রামের পথিকৃৎ ওসমান হাদিকে স্মরণ করে আমরা একটি সংক্ষিপ্ত বিজয় র্যালির মাধ্যমে ধানমন্ডি ৩২ নম্বরে উপস্থিত হয়েছি। এই র্যালির মাধ্যমে একাত্তরের জনযুদ্ধকে শেখ পরিবার ও আওয়ামী ন্যারেটিভের কবল থেকে মুক্ত করে জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার সংগ্রামকে অর্থবহ করে তুলতে চেয়েছি। ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।’







