ফরিদপুরের বোয়ালমারীতে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইল (২২) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে যৌথবাহিনী। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে পৌরসভার সোতাশী মমিন মার্কেট এলাকার তার গ্রামের বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ঢাকা কবি কাজী নজরুল কলেজ ছাত্রদলের একজন নেতা।
অভিযানকালে শামীমের কাছ থেকে ৪৯ পিস ইয়াবা ট্যাবলেট ও বোমা তৈরিতে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিস্ফোরক আইনে পৃথক ধারায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে আটক শামীম বিন ইসমাইলকে ফরিদপুরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী সোতাশী এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও বোমা তৈরির সরঞ্জামসহ শামীম বিন ইসমাইলকে আটক করে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।







