চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ সাতজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর রেজিস্ট্রারের কাছে অভিযোগপত্র জমা দেওয়া হয়। প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগভুক্ত অন্যরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।
প্রসিকিউশন জানিয়েছে, এই সাতজনের বিরুদ্ধে তদন্ত সম্পন্ন হয়েছে। গত ৮ ডিসেম্বর তদন্ত শেষ হওয়ার বিষয়টি জানানো হয়।
অভিযোগে বলা হয়, জুলাই-আগস্টের আন্দোলন দমন করতে পরিকল্পিতভাবে সহিংসতা চালানো হয় এবং এতে বহু মানুষ প্রাণ হারান। প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ওবায়দুল কাদেরের উসকানি ও নির্দেশনায় ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর দমন-পীড়ন ও হত্যাযজ্ঞ চালায়।







