ইনকিলাব মঞ্চ আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ১২টায় শাহবাগের শহীদ হাদি চত্বরে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
রোববার (২১ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ঘোষণায় এ তথ্য জানানো হয়। ঘোষণায় বলা হয়, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের দুই দফা দাবির একটি দফাও এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা দাবিগুলোর বিষয়ে ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে উপস্থিত হননি বলেও অভিযোগ করা হয়।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আরও বলা হয়, সিভিল ও মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপন করা হয়নি এবং এসব সংস্থার ভেতরে থাকা হাসিনার সহযোগীদের গ্রেপ্তার করা হয়নি। পাশাপাশি অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করা হয়।
এই প্রেক্ষাপটে আগামীর কর্মসূচি ও নতুন দাবি ঘোষণা করতে ইনকিলাব মঞ্চ সোমবার শাহবাগে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করছে বলে জানানো হয়েছে।
