ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ ও এজিএস মহিউদ্দীন খান আজ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। জানা গেছে, এসএম ফরহাদের জীবনসঙ্গী জান্নাতুল ফেরদাউস সানজিদা, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) একজন নেত্রী। এজিএস মহিউদ্দীন খানের স্ত্রী সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি।
বিয়ের অনুষ্ঠানে ব্যতিক্রমীভাবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিও জানান নবদম্পতিরা। ডাকসু নেতা এবি জুবায়ের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে দেখা যায়, বরের সাজে এসএম ফরহাদ ও মহিউদ্দীন খান ‘জাস্টিস ফর হাদি’ লেখা প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে আছেন। ছবিগুলো শেয়ার করে এবি জুবায়ের লেখেন, বিয়ের অনুষ্ঠানেও সহযোদ্ধাকে ভুলে না যাওয়ার জন্য এসএম ফরহাদ ও মহিউদ্দীন খানকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “আমরা সবাই হাদি হব— যুগে যুগে লড়ে যাব।”
এর আগে গতকাল রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ আজ বিয়ে করবেন। একই সঙ্গে তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে দাম্পত্য জীবনে বরকতের কামনা করেন।
ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এসএম ফরহাদ ও মহিউদ্দীন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের যথাক্রমে সভাপতি ও সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। এসএম ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭–১৮ সেশনের এবং মহিউদ্দীন খান লোকপ্রশাসন বিভাগের ২০১৮–১৯ সেশনের শিক্ষার্থী।







