আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অ্যাটর্নি জেনারেলের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন মো. আসাদুজ্জামান।
বুধবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব। ইতোমধ্যে মনোনয়ন চেয়েছি। বর্তমানে অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আছি, তবে পদত্যাগ করে নির্বাচনে অংশ নেব।’
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ২৭ ডিসেম্বর (শনিবার) তিনি আনুষ্ঠানিকভাবে অ্যাটর্নি জেনারেলের পদ থেকে পদত্যাগ করবেন।
এর আগে গত ৫ নভেম্বর সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশ নিতে আগ্রহী তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আসাদুজ্জামান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান।
তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক এবং দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।







