ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার (২৪ ডিসেম্বর) মধ্যরাতে গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি গুলশানের এক ব্যবসায়ীর কাছ থেকে জুলাই আন্দোলনের মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় আড়াই কোটি টাকা আদায় করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রটির মূল নেতৃত্বে ছিলেন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া তাহরিমা জান্নাত সুরভী।
তদন্তে উঠে এসেছে, এই চক্রটি ইতোমধ্যে ব্ল্যাকমেইলিং, চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের মাধ্যমে বিভিন্ন ভুক্তভোগীর কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ওই ব্যবসায়ীর কাছ থেকে ধাপে ধাপে টাকা আদায় করা হয়। মামলার আসামি বানানো, পুলিশি হয়রানি, গ্রেপ্তারের ভয় দেখানো এবং ‘মীমাংসা’ করে দেওয়ার আশ্বাস দিয়ে বিপুল অঙ্কের অর্থ দাবি করা হয়।
পুলিশ জানায়, তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও টার্গেট করা লাইভের মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। অভিযোগ রয়েছে, এই পরিচিতিকে কাজে লাগিয়ে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি করতেন এবং পরে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করতেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত তাহরিমার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি ও মামলাবাণিজ্যের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।







