চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ–সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় এসেছেন জসিম উদ্দিন আহমেদ। এক সময় আজীবন আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দেওয়া এই ব্যবসায়ী হঠাৎ করে বিএনপির মনোনয়ন পাওয়ায় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে।
স্থানীয় রাজনৈতিক মহল ও দলীয় সূত্রের অভিযোগ, বিপুল আর্থিক লেনদেনের বিনিময়ে জসিম উদ্দিন আহমেদ এই মনোনয়ন বাগিয়ে নিয়েছেন। অভিযোগ রয়েছে, দিল্লি পলাতক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এবং নগর যুবলীগ নেতা হেলাল উদ্দিন বাবরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসব নেতার সঙ্গে তার একাধিক ঘনিষ্ঠ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, আওয়ামী লীগঘনিষ্ঠ এই ব্যবসায়ী ‘জেসিকা গ্রুপ’ নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। অভিযোগ অনুযায়ী, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের ছত্রচ্ছায়ায় তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার পায়। পাশাপাশি তিনি আওয়ামী লীগ আমলের দুই সাবেক বিতর্কিত পুলিশপ্রধান বেনজীর আহমেদ ও শহীদুল হকের সঙ্গে ব্যবসায়িক অংশীদার ছিলেন বলেও বিভিন্ন মহলে আলোচনা রয়েছে।
এ নিয়ে চট্টগ্রাম-১৪ আসনে বিএনপির নেতাকর্মীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই মনোনয়ন প্রক্রিয়ার স্বচ্ছতা ও দলীয় আদর্শ নিয়ে প্রশ্ন তুলছেন।







