গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বহিষ্কৃত ছাত্রলীগ নেতা আল মাহমুদ দীপুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ১০টার দিকে উপজেলার শাখাহার ইউনিয়নের পিয়ারাপুর জঙ্গলপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আল মাহমুদ দীপু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০১৯–২০ শিক্ষাবর্ষের রসায়ন বিভাগের ছাত্র এবং আ ফ ম কামালউদ্দিন হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
পুলিশ জানায়, গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজার নেতৃত্বে একটি দল ওই রাতে অভিযান চালিয়ে তাকে আটক করে। অভিযানে এসআই আনিসুর রহমান, মমিনুল ইসলামসহ অন্যান্য পুলিশ সদস্যরা অংশ নেন।
এসআই সেলিম রেজা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে ফুলপুকুরিয়া বাজারে সংঘটিত দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় আল মাহমুদ দীপুকে গ্রেপ্তার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, চলমান ‘ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবেই এই গ্রেপ্তার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বুধবার (৭ জানুয়ারি) আদালতে পাঠানো হবে।







