দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণাসহ সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির কেন্দ্রীয় নেতাসহ ১৬ জনকে বহিষ্কার করা হয়েছে। আজ রবিবার রাতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তিমূলক ব্যবস্থার কথা জানানো হয়।
বহিষ্কৃতদের মধ্যে রয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমিরণ দেওয়ান। এছাড়া বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ১৫ জন নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী মো. মাসুক মিয়া ও এখলাসুর রহমান দুলাল, সহ-সভাপতি মো. হারুন অর কাইয়ুম, সদস্য বদরুল আলম বাচ্চু, কারপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ এবং জারইতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইসহাক মেম্বারকে বহিষ্কার করা হয়েছে।
একই জেলার বাজিতপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মামনুন রহমান পুটন, মাইজচর ইউনিয়ন বিএনপির সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, গাজিরচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূঁইয়া, হিলচিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর কবির আলম এবং কৈলাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামও এই তালিকার অন্তর্ভুক্ত।
এছাড়া নেত্রকোনা জেলাধীন আটপাড়া উপজেলা বিএনপির সদস্য আলী হায়দার কাঞ্চন ও এম জি শামীমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
