বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতাদের ওপর সাইবার হামলার ঘটনা আরও জোরালো রূপ নিয়েছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাক করার রেশ কাটতে না কাটতেই এবার সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে জামায়াতের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া ও সাইবার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
দলের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনের ঠিক আগমুহূর্তে জামায়াতের শীর্ষ দুই নেতার সামাজিক যোগাযোগ মাধ্যম লক্ষ্য করে এ ধরনের ধারাবাহিক সাইবার আক্রমণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ডা. শফিকুর রহমানের অ্যাকাউন্টে রাষ্ট্রীয় দপ্তরের ই-মেইল ব্যবহারের পর এখন সেক্রেটারি জেনারেলের অ্যাকাউন্টে বিদেশি হ্যাকারদের সংশ্লিষ্টতা একটি গভীর আন্তর্জাতিক ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে। তারা মনে করছেন, জামায়াতের জনপ্রিয়তা ও নির্বাচনী কার্যক্রমে বাধা সৃষ্টি করতেই পরিকল্পিতভাবে এই ডিজিটাল নাশকতা চালানো হচ্ছে।
আইটি টিমের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্টটি পুনরুদ্ধারের জন্য তারা ইতিমধ্যে এক্স কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় কারিগরি ব্যবস্থা গ্রহণ করছেন। একই সঙ্গে দলের পক্ষ থেকে সাধারণ মানুষ ও ভোটারদের আহ্বান জানানো হয়েছে যে, বর্তমানে ওই অ্যাকাউন্ট থেকে কোনো পোস্ট বা বার্তা শেয়ার করা হলে তা যেন সত্য বলে গ্রহণ না করা হয়। এই সাইবার হামলার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে শিগগিরই আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে জামায়াতে ইসলামী।







