রাজশাহী বিভাগের চার জেলায় আগামীকাল বৃহস্পতিবার নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নির্বাচনের আগে এসব জেলায় শেষ সফরে এসে তিনি ১১ দলীয় নির্বাচনি জোটের প্রার্থীদের পক্ষে ভোট চাইবেন।
রাজশাহীর মাদ্রাসা মাঠে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। এ ছাড়া জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতারাও এতে উপস্থিত থাকবেন।
সূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ১১টায় নওগাঁ, দুপুর সাড়ে ১২টায় চাঁপাইনবাবগঞ্জ, দুপুর আড়াইটায় রাজশাহীর গোদাগাড়ী, বিকাল সাড়ে ৪টায় রাজশাহী মাদ্রাসা মাঠে এবং সন্ধ্যা সাড়ে ৬টায় নাটোরে পৃথক জনসভায় বক্তব্য দেবেন তিনি।
জনসভা ঘিরে ইতোমধ্যে মাঠ প্রস্তুতসহ সব ধরনের আয়োজন সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজশাহী মাদ্রাসা মাঠে জোটের পক্ষ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের জনসভায় সাধারণ মানুষের পাশাপাশি নারী কর্মীদের উল্লেখযোগ্য উপস্থিতি থাকবে। উৎসবমুখর ও শৃঙ্খল পরিবেশে জনসভা সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমির আবু মোহাম্মদ সেলিম, সেক্রেটারি সমাজ উদ্দিন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজশাহী মহানগরের সাবেক আহ্বায়ক মোবাশ্বের আলী, সাবেক সদস্যসচিব আতিকুর রহমানসহ জোটের শীর্ষ নেতারা।
