ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পেশাদারিত্ব, নিরপেক্ষতা, শৃঙ্খলা, ধৈর্য এবং নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বৃহস্পতিবার ঢাকা মহানগর, বিভিন্ন বিভাগ ও জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা দেন। জাতীয় স্টেডিয়ামের সম্মেলনকক্ষে আয়োজিত এ সভায় নির্বাচনের শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়।
সভায় ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন সেনাপ্রধান এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং, ৯ পদাতিক ডিভিশনের জিওসি ও সাভার এরিয়া কমান্ডারসহ সেনাসদর, ঢাকা ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকার বিভাগীয় কমিশনার, অসামরিক প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও সভায় অংশ নেন।
উল্লেখ্য, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বপ্রাপ্ত সব সংস্থার মধ্যে আন্তঃপ্রাতিষ্ঠানিক ও আন্তঃবাহিনী সমন্বয় জোরদার করতে সেনাবাহিনী প্রধান গত ২২ জানুয়ারি থেকে ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, রংপুর, বগুড়া, বরিশাল, যশোর, কক্সবাজার, সিলেট, ঘাটাইল ও সাভার এরিয়ার সামরিক, অসামরিক প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করে আসছেন।
