ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপির নির্বাচনি ইশতেহার আগামীকাল শুক্রবার ঘোষণা করা হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার প্রকাশ করবেন।
বৃহস্পতিবার বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ইশতেহার ঘোষণা করা হবে।
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানটি পরিচালনা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান।
দলীয় সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনি ইশতেহারে বিএনপির ঘোষিত ৩১ দফা, জুলাই সনদ এবং তরুণ ভোটারদের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড ও কৃষক কার্ডসহ জনমুখী ও জীবনঘনিষ্ঠ সেবাসমূহ বিশেষভাবে অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতকরণ, প্রশাসনের বিকেন্দ্রীকরণ, মানবাধিকার সুরক্ষা এবং দুর্নীতিবিরোধী কাঠামো শক্তিশালীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ অঙ্গীকার থাকবে। একই সঙ্গে অর্থনীতি ও পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও দিকনির্দেশনা তুলে ধরা হবে।
ইশতেহারে আলেম-ওলামা, সংখ্যালঘু সম্প্রদায় এবং কৃষকদের জন্য বিশেষ অগ্রাধিকারের প্রতিশ্রুতিও অন্তর্ভুক্ত থাকবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
জাঁকজমকপূর্ণ আয়োজনে অনুষ্ঠিতব্য এই ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দেশের বিশিষ্ট নাগরিকদের পাশাপাশি ঢাকায় অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থা ও কূটনৈতিক প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা রয়েছে।







