জামালপুরের বকশীগঞ্জে বিএনপির রাজনীতিতে বড় ধরনের ধস নেমেছে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় বকশীগঞ্জ উপজেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির দুই শতাধিক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। আসন্ন সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এই দলবদল স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ তৈরি করেছে।
দলীয় সূত্রে জানা গেছে, বগারচর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান এবং মেরুরচর ইউনিয়ন বিএনপির সাবেক নেতা মাসুদ মিয়ার নেতৃত্বে এই বিশাল কর্মী বহর জামায়াতে ইসলামীতে শামিল হয়। যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট নাজমুল হক সাঈদী।
অনুষ্ঠানে জামায়াত নেতারা জানান, জামায়াতের আদর্শিক রাজনীতি এবং স্বচ্ছ নেতৃত্বের প্রতি আস্থা রেখেই বিএনপির এই বিপুল সংখ্যক নেতাকর্মী তাদের দলে যোগ দিয়েছেন। নতুন এই সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ফলে আগামী নির্বাচনে বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ এলাকায় জামায়াতের সাংগঠনিক শক্তি কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে তারা আশা প্রকাশ করেন।
যোগদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বকশীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আদেল ইবনে আউয়াল, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক এবং পৌর জামায়াতের আমির মাওলানা আবদুল মতিনসহ ইসলামী ছাত্রশিবির ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। উল্লেখ্য যে, এই দলবদলের ফলে জামালপুর-১ আসনের নির্বাচনী সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে।
