রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১৫ আসন তথা নিজের নির্বাচনী এলাকায় গণসংযোগ ও প্রচারণার সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘কোনো বাধা মানুষকে ভোট দেয়া থেকে বিরত রাখতে পারবে না। জাতি কোনো হুমকি-ধমকি পরোয়া করে না, সব মোকাবিলা করে এগিয়ে যাব। ১৩ তারিখ নতুন সূর্যের উদয় হোক, জাতি কাঙ্ক্ষিত প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পাবেন।’
ফ্যাসিবাদকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দেশকে এগিয়ে নেয়ার বার্তা দিয়ে তিনি বলেন, ‘ফ্যাসিবাদী কায়দায় আর দেশ পরিচালনা দেখতে চাই না। জাতিকে আর বিভক্ত দেখতে চাই না।’ নির্বাচনে জয়লাভ করলে ঐক্যবদ্ধ সরকার গঠন করবেন জানিয়ে তিনি আরও যোগ করেন, ‘জামায়াত কোনো দলীয় সরকার গঠন করবে না। সুযোগ পেলে আমরা সবাইকে নিয়ে একটি ঐক্যবদ্ধ সরকার গঠন করবো।’
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি জুলাই সনদের ওপর গণভোটও অনুষ্ঠিত হবে। সেই গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেয়ার আহ্বান জানিয়ে জামায়াত প্রধান বলেন, ‘এই সংস্কারকে হ্যাঁ বলার জন্যই গণভোট। আমরা তরুণ সমাজের হাতে দেশের চাবি তুলে দিতে চাই। পরিবর্তনের পক্ষে দেশজুড়ে জোয়ার শুরু হয়েছে।’







