শেরপুর সদর থানা থেকে লুট হওয়া একটি শটগানসহ এক বিএনপিকর্মীকে আটক করেছে যৌথ বাহিনী। সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোরে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম হারেজ মিয়া (৩২)। তিনি সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিক পাড়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয়ভাবে বিএনপিকর্মী হিসেবে পরিচিত।
যৌথ বাহিনী জানিয়েছে, ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের সময় শেরপুর সদর থানা থেকে এই শটগানটি লুট করা হয়েছিল। দীর্ঘ দিন ধরে অস্ত্রটির অবস্থান শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি চালিয়ে আসছিল যৌথ বাহিনী। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শটগানটি উদ্ধার এবং জড়িত হারেজ মিয়াকে গ্রেফতার করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান, হারেজ মিয়ার বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
সেনাবাহিনী জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে তাদের এই অভিযান অব্যাহত থাকবে। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।







