দলীয় প্রার্থীকে ভোট না দিলে ভোটারদের ঘর-বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কুমিল্লা-৪ আসনের বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সী। সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে এক নির্বাচনি উঠান বৈঠকে তিনি এই বিতর্কিত মন্তব্য করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায়, “যদি ক্ষমতায় বিএনপি থাকে আর যদি আপনারা অন্য দলকে ভোট দেন, আমি আপনাদের কাউকে ছাড়ব না। ঘর-বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দেব।” তিনি আরও যোগ করেন যে, এই বক্তব্য রেকর্ড করে ফেসবুকে ছেড়ে দিলেও তার কোনো অসুবিধা নেই।
বক্তব্যে তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, তাকে যেন অপমানিত হতে না হয় এবং সেই অপমানের শোধ তিনি কঠোরভাবে নেবেন। আগামী ১২ তারিখের নির্বাচনে দলীয় প্রার্থীকে ‘ট্রাক’ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার মাধ্যমে তাকে ও তারেক রহমানকে সরকার গঠনে সহায়তা করার আহ্বান জানান তিনি।
এই হুমকির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। ওই আসনের ১১ দলীয় জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ একে নির্বাচনী আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন বলে অভিহিত করেছেন। তিনি ভোটারদের মাঝে ভীতি ছড়ানোর দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি দাবি জানিয়েছেন।
ঋণখেলাপির দায়ে এবার মঞ্জুরুল আহসান মুন্সীর নিজের মনোনয়ন বাতিল হলেও দলীয় প্রার্থীর পক্ষে কাজ করছেন তিনি। তবে তার এমন উস্কানিমূলক বক্তব্যের পর সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।







