কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন যে, বিএনপির অভ্যন্তরে চাঁদাবাজ ও মামলাবাজদের প্রভাব বাড়ায় দলটির ত্যাগী নেতাকর্মীরা এখন চরম হতাশ ও কোণঠাসা হয়ে পড়েছেন। সোমবার দেবীদ্বারের সুবিল ইউনিয়নের বুড়িরপাড় এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ দাবি করেন, দীর্ঘ ১৭ বছর যারা জেল-জুলুম সহ্য করে বিএনপিকে আগলে রেখেছিলেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর তারা এখন নিজ দলেই অপাঙক্তেয়। তিনি বলেন, অনেক ত্যাগী কর্মী আমাদের কাছে এসে গোপনে কান্নাকাটি করেন এবং জানান যে—দলের দুঃসময়ে তাদের খোঁজ না থাকলেও এখন ‘বসন্তের কোকিলরা’ এসে দল দখল করে নিয়েছে।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, মাঠপর্যায়ের অনেক বিএনপি কর্মী এখন সাধারণ মানুষের সামনে লজ্জায় মুখ দেখাতে পারছেন না। তারা অভিযোগ করছেন, গুটিকয়েক নেতার চাঁদাবাজি ও দখলদারিত্বের কারণে পুরো দল কলঙ্কিত হচ্ছে। অথচ যারা দলের জন্য জীবন উৎসর্গ করেছেন, তারা আজ কোণঠাসা।
জাতীয় নাগরিক পার্টির এই প্রার্থী মনে করেন, আদর্শবান কর্মীরা দলের বর্তমান পরিস্থিতিতে বিচার পাচ্ছেন না। যারা নিপীড়ন সহ্য করে দলকে টিকিয়ে রেখেছিলেন, তারা এখন বাজারে গেলে মানুষের তীর্যক মন্তব্যের শিকার হচ্ছেন। এমন অভ্যন্তরীণ সংকটের কথা তুলে ধরে তিনি দেবীদ্বারের ভোটারদের বিকল্প চিন্তা করার আহ্বান জানান।
