কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় বিএনপির দুই নেতাকে হাতেনাতে আটক করেছেন জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন—৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও স্থানীয় বাসিন্দা ফকির মেম্বার।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওই দুই নেতা খাটরা গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হাতে স্লিপ এবং নগদ টাকা তুলে দিচ্ছিলেন। খবর পেয়ে জামায়াত-শিবিরের কর্মীরা স্থানীয় এক ব্যবসায়ীর বাড়ি থেকে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে ২০০ টাকা নোটের দুটি বান্ডেল জব্দ করা হয়।
আটকের পর ওই দুই ব্যক্তিকে জামায়াতের স্থানীয় নির্বাচনী কার্যালয়ে নিয়ে আসা হয়। খবর পেয়ে কনকাপৈত পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি মীমাংসা করা হয় এবং জব্দ করা টাকাসহ তাদের ছেড়ে দেওয়া হয়।
উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসেন এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, প্রকাশ্যে টাকা বিতরণ নির্বাচনী বিধির চরম লঙ্ঘন। তিনি নির্বাচন সুষ্ঠু রাখতে এবং এ ধরনের অপতৎপরতা বন্ধে প্রশাসনের কার্যকর ভূমিকা দাবি করেন।
কনকাপৈত পুলিশ ফাঁড়ির এএসআই মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। তবে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হয়ে যাওয়ায় পুলিশ পরে সেখান থেকে চলে আসে।







