চট্টগ্রামের চন্দনাইশে স্বতন্ত্র প্রার্থী ও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আইনজীবী মিজানুল হক চৌধুরীর ম্যানেজারকে সাড়ে ১০ লাখ টাকাসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার গভীর রাতে উপজেলার আবদুল বারি হাট এলাকায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ অর্থ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন— মিজানুল হক চৌধুরীর এস্টেট ম্যানেজার মো. এনামুল হক ও সহযোগী মো. ইমরান। পরে রিটার্নিং কর্মকর্তার নির্দেশে সেনাবাহিনী জব্দকৃত টাকা ও মাইক্রোবাসটি চন্দনাইশ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, মাইক্রোবাসের পাশে দাঁড়িয়ে সেনাসদস্যদের সামনে টাকা গুনছেন এক ব্যক্তি। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে মিজানুল হকের ম্যানেজার হিসেবে দাবি করেন। মিজানুল হক চৌধুরী চট্টগ্রাম-১৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত দেড়টার দিকে সেনাবাহিনী টাকাসহ গাড়িটি থানায় জমা দিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অর্থ নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে ব্যবহৃত হতে পারত।
উদ্ধারকৃত টাকার বিষয়ে নির্বাচন ট্রাইব্যুনালের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। নির্বাচনের মাত্র কয়েকদিন আগে বিপুল অর্থসহ প্রার্থীর ঘনিষ্ঠজন আটকের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।







