কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক জামায়াত নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রামকৃষ্ণপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জাহিদ হাসানের বাড়িতে দুর্বৃত্তরা এই হামলা চালায়। এতে বসতবাড়ির বড় কোনো ক্ষতি না হলেও একটি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, বিকেলে দুই দুর্বৃত্ত বাড়ির পেছন দিক দিয়ে অতর্কিত প্রবেশ করে রান্নাঘরে আগুন ধরিয়ে দেয়। পরিবারের সদস্যরা আগুনের শিখা দেখে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও রান্নাঘরটি রক্ষা করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী নেতা জাহিদ হাসান অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে ভোটার ও কর্মীদের মাঝে ভয়ভীতি ছড়ানোর উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই অগ্নিসংযোগ করা হয়েছে। তবে দুর্বৃত্তরা মুখোশধারী বা দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের তাৎক্ষণিক শনাক্ত করা সম্ভব হয়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিষয়টি মৌখিকভাবে তিনি অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







