ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনেকগুলো আসনে ভোট গণনা শেষ হলেও ফলাফল ঘোষণা না করার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই গুরুতর অভিযোগ করেন।
ডা. শফিকুর রহমান বলেন, সারাদেশে জামায়াত ও ১১-দলীয় জোটের প্রার্থীরা অনেকগুলো আসনে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। কিন্তু রহস্যজনক কারণে রিটার্নিং অফিসাররা সেসব আসনের ফলাফল ঘোষণা না করে আটকে রেখেছেন। তিনি দাবি করেন, এই বিলম্বের ফলে জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে এবং নির্বাচনি স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হওয়ার ঝুঁকি দেখা দিচ্ছে।
সংবাদ সম্মেলনে জামায়াত আমির আরও বলেন, “ফলাফল দ্রুত প্রকাশ না করা হলে পরিস্থিতির অবনতি হতে পারে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানাচ্ছি, যেন অবিলম্বে সঠিক ফলাফল ঘোষণা করে জনগণের ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হয়।” তিনি সমর্থকদের শান্ত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করার আহ্বান জানান।
এদিকে, ফলাফল ঘোষণায় কেন দেরি হচ্ছে সে বিষয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ফলাফল সমন্বয়ের কাজ চলছে বলে কমিশন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ১১-দলীয় জোট অনেকগুলো আসনে বিএনপির ধানের শীষের প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছে। ঢাকা ও ঢাকার বাইরের বেশ কিছু আসনে ফলাফল নিয়ে এমন অভিযোগ ও পাল্টা অভিযোগের প্রেক্ষিতে টানটান উত্তেজনা বিরাজ করছে।







