গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে নিজ বাড়ির উঠানে দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে শ্রী অমিতাভ চন্দ্র সুজন (৩৮) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে খামার বল্লমঝাড় এলাকায় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত অমিতাভ চন্দ্র সুজন ওই এলাকার সূর্য নিরঞ্জন চন্দ্র রায়ের ছেলে। তিনি পেশায় জেলা জজ আদালতের একজন মহুরী (আইনজীবীর সহকারী) ছিলেন এবং স্থানীয় সনাতন সম্প্রদায়ের একজন পরিচিত মুখ ছিলেন। বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে অমিতাভ চন্দ্র সুজন নিজের বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত অতর্কিতভাবে বাড়ির ভেতরে ঢুকে কুড়াল দিয়ে তাঁর মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। স্বজনরা তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে পলাশবাড়ী এলাকায় তাঁর মৃত্যু হয়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে সুজনের দীর্ঘদিনের বিরোধ চলছিল। পরিবারের ধারণা, সেই পূর্বশত্রুতার জের ধরেই এই পরিকল্পিত হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তবে সুজন অত্যন্ত শান্ত স্বভাবের মানুষ ছিলেন বলে জানিয়েছেন প্রতিবেশীরা।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি কুড়াল উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের পরিবার এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।







