সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে পরাজিত প্রার্থী বিজয়ী প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এ আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি প্রায় ৩১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামী-র জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের কাছে।
নির্বাচনের পরদিন শুক্রবার রাতে ডোমারে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জমিয়ত মহাসচিব আনুষ্ঠানিকভাবে পরাজয় মেনে নেন। তিনি বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে তিনি সর্বাত্মক সহযোগিতা করবেন।
তিনি নবনির্বাচিত সংসদ সদস্যের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করে দায়িত্ব পালনে আল্লাহর কাছে দোয়া করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, হতাশ না হয়ে ধৈর্য ধারণ করতে হবে। “আমি আপনাদের ছিলাম, আছি এবং থাকব”—এমন মন্তব্য করে তিনি জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
হিন্দু ধর্মাবলম্বীসহ দল-মত নির্বিশেষে যারা তাকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি। ধর্ম-বর্ণ সবার ভালোবাসা ও সমর্থন ভবিষ্যৎ পথচলায় শক্তি জোগাবে বলেও উল্লেখ করেন।
সবশেষে তিনি আগামী দিনে এলাকার উন্নয়ন ও শান্তি-সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
