উত্তর কোরিয়ার বর্তমান সর্বোচ্চ নেতা কিম জং-উন তাঁর উত্তরসূরি হিসেবে নিজের কন্যা কিম জু-এ-কে বেছে নিয়েছেন বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা (এনআইএস)। গোয়েন্দা সংস্থাটির মতে, কিম জু-এ-কে যেভাবে জনসমক্ষে তুলে ধরা হচ্ছে এবং রাষ্ট্রীয় প্রটোকল দেওয়া হচ্ছে, তাতে এটি স্পষ্ট যে তিনিই হতে যাচ্ছেন পিয়ংইয়ংয়ের পরবর্তী শাসক।
কিম জু-এ, যাঁর বয়স বর্তমানে ১৩ বছরের কাছাকাছি বলে ধারণা করা হয়, তিনি প্রথমবারের মতো ২০২২ সালে একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ পরিদর্শনের সময় বাবার সঙ্গে জনসমক্ষে আসেন। সেই থেকে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সামরিক কুচকাওয়াজ এবং রাষ্ট্রীয় অনুষ্ঠানে কিম জং-উনের পাশেই তাঁকে দেখা যাচ্ছে।
সাম্প্রতিক সময়ে কিম জু-এ-র রাষ্ট্রীয় গুরুত্ব আরও বেড়েছে। এমনকি কিম জং-উনের সাম্প্রতিক বেইজিং সফরেও তিনি সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন। রাষ্ট্রীয় গণমাধ্যমে তাঁকে ‘সম্মানিত কন্যা’ বা ‘প্রিয় সন্তান’ হিসেবে সম্বোধন করা হচ্ছে, যা উত্তর কোরিয়ার প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
যদি কিম জু-এ শেষ পর্যন্ত ক্ষমতা গ্রহণ করেন, তবে তিনি হবেন কিম পরিবারের চতুর্থ প্রজন্মের শাসক এবং উত্তর কোরিয়ার ইতিহাসে প্রথম নারী সর্বোচ্চ নেতা। কিম পরিবারের ‘পেকতু’ রক্তধারাকে বজায় রাখতেই কিম জং-উন নিজের কন্যাকে এভাবে প্রস্তুত করছেন বলে ধারণা করা হচ্ছে।
তবে এই উত্তরসূরি নির্ধারণের বিষয়টি নিয়ে উত্তর কোরিয়া সরকার এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। দেশটির ভেতরে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি সবসময়ই অত্যন্ত গোপনীয়তার সাথে সম্পন্ন করা হয়। ফলে জু-এ-র অভিষেক হবে কি না, তা নিয়ে আন্তর্জাতিক মহলে গভীর পর্যবেক্ষণ চলছে।







