খুলনার মশিয়ালী গ্রামে শনিবার দিবাগত গভীর রাতে এক জামায়াত সমর্থকের বাড়িতে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। খুলনা-৫ আসনের অন্তর্গত আটরা-গিলাতলা ইউনিয়নের এই ঘটনায় ভুক্তভোগী পরিবারটি অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেও এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী শোকর আকুঞ্জীর পরিবার জানায়, গভীর রাতে দুর্বৃত্তরা তাদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। টের পাওয়ায় দ্রুত বাড়ির সবাই বেরিয়ে আসতে সক্ষম হন। শোকর আকুঞ্জীর বড় ছেলে রমজান আকুঞ্জি স্থানীয় জামায়াতের রুকন এবং ছোট ছেলে আব্দুর রাজ্জাক ছাত্রশিবিরের ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
স্থানীয় জামায়াত নেতাদের দাবি, আটরা-গিলাতলা ইউনিয়নে ধানের শীষের চেয়ে দাঁড়িপাল্লা প্রতীকে দ্বিগুণের বেশি ভোট পড়েছে। তবে পুরো আসনে ধানের শীষকে বিজয়ী ঘোষণা করার পর থেকে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা জামায়াত সমর্থকদের হুমকি দিয়ে আসছিল। সেই আক্রোশ থেকেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে তারা অভিযোগ করেন।
রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার। তিনি এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানান এবং ভুক্তভোগী পরিবারকে আইনি পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন। একই সাথে তিনি দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।
খানজাহান আলী থানার ওসি হাওলাদার সানোয়ার হোসাইন মাসুম জানান, খবর পাওয়ার পরপরই রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত পরিবার লিখিত অভিযোগ দিলে আইনি প্রক্রিয়া আরও দ্রুত কার্যকর করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।







