সরকার গঠনের আগেই রাজনৈতিক শিষ্টাচার ও ঐক্যের নজির হিসেবে প্রধান বিরোধী দল জামায়াতের পর এবার জুলাই অভ্যুত্থানের অন্যতম রূপকার ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান ও ভাবী প্রধানমন্ত্রী তারেক রহমান।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাত ৮টা ২৫ মিনিটে তিনি নাহিদ ইসলামের মগবাজারের বাসভবনে পৌঁছান। সেখানে পৌঁছালে তারেক রহমানকে উষ্ণ অভ্যর্থনা জানান নাহিদ ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং রংপুর-৪ আসন থেকে নবনির্বাচিত এমপি ও দলের সদস্যসচিব আখতার হোসেন।

তারেক রহমানের এই সফরে সফরসঙ্গী হিসেবে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দেশের আগামী দিনের রাজনীতি ও রাষ্ট্র সংস্কারের নানা দিক নিয়ে নেতাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
এর আগে সন্ধ্যায় তারেক রহমান বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে তাঁর বাসভবনে সাক্ষাৎ করেন। ওই বৈঠকে ডা. শফিকুর রহমান তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানান। সেখান থেকে বিদায় নিয়েই তিনি সরাসরি নাহিদ ইসলামের বাসার উদ্দেশ্যে রওনা হন।
উল্লেখ্য, গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তারেক রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছিলেন। তিনি স্পষ্ট করেন যে, আগামী দিনে দেশ পরিচালনায় তিনি সব রাজনৈতিক দল ও জনগণের সক্রিয় সহযোগিতা চান। ৫ই আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিট ধরে রাখতেই তাঁর এই ঝটিকা সফর বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আগামী মঙ্গলবার নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানের আগে এনসিপি ও জামায়াতের সঙ্গে তারেক রহমানের এই বৈঠক দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত ইতিবাচক বার্তা দিচ্ছে।







