নবনির্বাচিত প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় পুষ্পস্তবক অর্পণের পর তিনি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে একটি বিশেষ বার্তা লেখেন।
পরিদর্শন বইয়ে তারেক রহমান বর্তমান সময়কে দেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে উল্লেখ করেন। তিনি মন্তব্যের ঘরে লেখেন, “ফ্যাসিবাদী শাসন শোষণের পর একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রকামী জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশের জনগণ গণতন্ত্রের পথে নতুন যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ। আমি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই।”
তিনি ১৯৭১ সালের বীর শহীদদের পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদদের প্রতিও গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি লেখেন, “১৯৭১ সালের স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের দেশ এবং জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধসহ দেশের ইতিহাসে এ যাবৎকালে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের সকল শহীদদের প্রতিও আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।”
শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করে প্রধানমন্ত্রী আরও উল্লেখ করেন, বীর শহীদদের মূল আকাঙ্ক্ষা ছিল একটি নিরাপদ, মানবিক, গণতান্ত্রিক ও স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই তাঁর নতুন সরকার কাজ শুরু করেছে। তিনি আল্লাহর কাছে জনগণের সামনে ঘোষিত প্রতিটি কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের তৌফিক কামনা করেন।
পরিদর্শন বইয়ে স্বাক্ষরের সময় তারেক রহমান তাঁর পদবির জায়গায় ‘মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ এবং তারিখের জায়গায় বাংলায় ‘১৮-২-২০২৬’ উল্লেখ করেন। এ সময় তাঁর সঙ্গে নবগঠিত মন্ত্রিসভার সদস্যগণ এবং দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
