চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ গিয়াস উদ্দিন (৩২) নামে এক জামায়াতে ইসলামী কর্মীকে গতিরোধ করে মারধর ও ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে সোনাকানিয়া ইউনিয়নের গারাংগিয়া গ্রামের হাতিয়ারকুল বায়তুর রহমান মসজিদ এলাকায় এই হামলা ঘটে।
আহত গিয়াস উদ্দিন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গারাংগিয়া সুপারিন্টেন্ডেন্ট পাড়ার মৃত সাহাব মিয়ার ছেলে। তিনি পেশায় একজন ব্যবসায়ী এবং স্থানীয় জামায়াত রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, গিয়াস উদ্দিন মোটরসাইকেলে বাড়ি থেকে হাতিয়ারকুল এলাকায় যাচ্ছিলেন। পথিমধ্যে একদল যুবক তাঁর গতিরোধ করে লাঠি দিয়ে বেধড়ক পেটাতে শুরু করে। এক পর্যায়ে হামলাকারীরা তাঁকে ছুরিকাঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তাঁকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ তারেক হোছাইন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, গিয়াস উদ্দিন তাঁদের দলের একজন সক্রিয় কর্মী। রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই হামলা চালানো হয়েছে দাবি করে তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক জানান, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হলেও এখন পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।







