টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন ব্যবসায়ী শাহাদাত হোসেন (২৭), ফিরোজ মিয়া (২৬) ও দোকানকর্মী রোহান (২১)। হামলার সময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয় বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে।
আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ঘটনার বিবরণ
স্থানীয়দের ভাষ্য, শনিবার রিয়া স্টুডিওর মালিক আব্দুল মালেকের ওপর হামলার জেরে রোববার বিকেলে লিটন এন্টারপ্রাইজে অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। এ সময় ব্যবসায়ী শাহাদাতসহ অন্যরা বাধা দিলে হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে কয়েকজনকে আহত করে। বিভিন্ন দোকান থেকে প্রায় ৭ লাখ টাকা ও কয়েকটি মোবাইল ফোন লুটে নেওয়ার অভিযোগ রয়েছে। পরে আতঙ্ক সৃষ্টি করতে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তরা এলাকা ত্যাগ করে।
অভিযুক্তদের একজন জসিম ওরফে ‘চোর জসিম’ তার নেতৃত্বে হামলার অভিযোগ অস্বীকার করেছেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান ফাঁকা গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি তদন্তাধীন। প্রাথমিকভাবে পূর্ব শত্রুতার জের ধরে এ হামলা হয়ে থাকতে পারে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।







