রংপুরের বদরগঞ্জে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে সড়ক পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করেছেন রংপুর-২ আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার প্রধান সড়কে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির সূচনা হয়। পরে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, সমাজকে পরিচ্ছন্ন রাখতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নাগরিকদের সচেতনতা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। পরিচ্ছন্নতা কেবল একটি কর্মসূচি নয়, এটি সামাজিক সচেতনতার অংশ। নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখলে দেশও পরিষ্কার থাকবে।
স্থানীয় ব্যবসায়ী মোকাররম আলী বলেন, একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ সত্যিই বিরল। এতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়বে এবং সবাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা রক্ষায় এগিয়ে আসবে।
নবনির্বাচিত এমপির সরাসরি অংশগ্রহণে বদরগঞ্জবাসী ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। তাদের মতে, একজন জনপ্রতিনিধি নিজ হাতে ঝাড়ু তুলে কাজ শুরু করায় নাগরিকদের মধ্যেও ইতিবাচক বার্তা পৌঁছেছে এবং শহরকে পরিষ্কার রাখার অনুপ্রেরণা তৈরি হয়েছে। তারা চান, সমন্বিত উদ্যোগে এ কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকুক।







