রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার, সারুলিয়া ও আশেপাশের এলাকায় দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নাম ব্যবহার করে খাজনার অজুহাতে প্রতিদিন লাখ লাখ টাকা চাঁদা আদায় করছে এমন অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, কথিত “জামান-সেলিম গ্যাং” নির্মাণাধীন ভবনে পাইলিং কাজ শুরুর আগেই জোরপূর্বক অর্থ দাবি করে থাকে।
এলাকাবাসীর তথ্যমতে, জামান ও সেলিম নামে দুজন ব্যক্তি এ চক্রের নেতৃত্ব দিচ্ছেন এবং তারা স্থানীয়ভাবে একটি রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত বলে পরিচিত। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।
অভিযোগ রয়েছে, নির্ধারিত চাঁদা প্রদান না করলে ঠিকাদার ও ভবন মালিকদের বিভিন্নভাবে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হয়। অনেক ক্ষেত্রে নির্মাণকাজ বন্ধ করে দেওয়ারও হুমকি দেওয়া হয় বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। ফলে সাধারণ মানুষ ও নির্মাণ সংশ্লিষ্ট ব্যবসায়ীরা চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।
একাধিক স্থানীয় বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, দীর্ঘদিন ধরে এ অবস্থা চললেও কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এমতাবস্থায় ডেমরা এলাকার সচেতন নাগরিকরা অবৈধ চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।







